Rajshahi Anushandhanee রাজশাহী অনুসন্ধানী
ইয়াং সীকার্স-এর বিজ্ঞান প্রদর্শনী — ১৯৭৭

১৭ মে, ২০২৬

ইয়াং সীকার্স-এর বিজ্ঞান প্রদর্শনী — ১৯৭৭

৩রা আগস্ট ১৯৭৭ — দৈনিক বার্তায় প্রকাশিত প্রতিবেদন। অনুসন্ধানীর প্রাথমিক নাম "ইয়াং সীকার্স" (তরুণ অনুসন্ধানী)-এর উদ্যোগে রাজশাহী কলেজে অনুষ্ঠিত প্রদর্শনী।

অনুসন্ধানীর প্রতিষ্ঠাকালীন সময়ে সংগঠনটি ইংরেজি ও বাংলা — দুই নামেই কাজ করত। ইংরেজি নাম ছিল “ইয়াং সীকার্স” (Young Seekers) — তরুণ অনুসন্ধানী।

দৈনিক বার্তার ৩রা আগস্ট ১৯৭৭ সংখ্যার একটি স্টাফ রিপোর্টে এই কভারেজ পাওয়া যায়: গত রবিবার বিকেলে রাজশাহী কলেজে “ইয়াং সীকার্স” (তরুণ অনুসন্ধানী)-এর উদ্যোগে সংগঠনের সদস্য-সদস্যাদের নিজ হাতে তৈরি বিভিন্ন যন্ত্র ও সরঞ্জামের একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রদর্শিত প্রজেক্টগুলির মধ্যে ছিল: ব্যারোমিটার, দূরত্ব পরিমাপ যন্ত্র, গাছের বৃদ্ধি মাপক যন্ত্র, বৃষ্টি পরিমাপ যন্ত্র, থার্মোপাইল, স্পীং ওয়েট, বালুঘড়ি, ফাংগাস সংগ্রহ, পোকা সংগ্রহ, পেরিস্কোপ, ন্যাপথ্যালিন নৃত্য, কর্ক বোট, বেলুন বোট, সিনেমার মডেল, স্নেহ, শ্বেতসার ও শর্করা জাতীয় খাদ্যের পরীক্ষা — এমন আরও বহু বিষয়ক যন্ত্র।

প্রতিবেদনে এও জানানো হয় যে এর আগেই সংগঠনের একটি কার্যকরী পরিষদ গঠন করা হয় — রাজশাহী কলেজ শিক্ষকদের মিলনায়তনে নিউ ডিগ্রী গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষ জনাব লতীফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে। পাঁচ সদস্যের সেই কার্যকরী পরিষদে জাফরুল ইসলাম পরিচালক, ফৌজী বিন ফারিদ সংগঠক, মোস্তফা হোসেন দফতর সম্পাদক, জালালউদ্দিন আহমেদ গ্রন্থাগার সম্পাদক, এবং হাসিবুল হোসেন প্রজেক্ট সম্পাদক নির্বাচিত হন।

এই নামগুলির মধ্যে কিছু আজও অনুসন্ধানীর সাথে যুক্ত — সংগঠনের ভিত্তি প্রস্তরের কারিগররা।